সে অনেক বছর আগের কথা। ফিতার ক্যাসেট তার যুগ আস্তে আস্তে হারিয়ে ফেলেছে, অনেকের ঘরেই তখন কম্পিউটার কিংবা সিডি প্লেয়ার- মানুষ সিডিতেই অভ্যস্ত হয়ে যাবে অচিরেই। আমি তখনো ছাত্র, টুকিটাকি শখের খরচ চালাই টিউশনি করে। সেই বছরের অক্টোবর মাস- সামনেই দিদির জন্মদিন। আমি মানুষকে বই কিংবা সিডি/ডিভিডির বাইরে কোন উপহার দিতে পারি না। ঠিক কোন রকমের নীতির জায়গা থেকে না, আসলে আমি ঠিক ভেবে পাই না আর কী দেওয়া যেতে পারে। সে বছর অনেক ভেবে ঠিক করলাম দিদিকে ভালো একটা সিডি উপহার দিবো। বাসার কাছেই ইস্টার্ন প্লাজাতে যেয়ে চোখ আটকে গেলো লতা মঙ্গেশকরের একটা অডিও সিডির কালেকশনে, পাঁচ সিডির। তখনো সিডির দাম এতো পড়েনি, কোয়ালিটিও বেশ ভালো, দোকানদার পাঁচশ টাকার নিচে কিছুতেই নামলোই না। মোটামুটি সঞ্চয় যা ছিলো খরচ করে, মুখে এক বিরাট হাসি আর ভিতরে অসম্ভব উত্তেজনা নিয়ে বাসায় ঢুকলাম।
পাঁচটা সিডির সব গান স্বভাবতই সে সময় শোনা হয়নি, সব আবার সমান ভালোও লাগে নি। সে গানগুলির অনেকগুলিই আগে শুনেছিলাম, পরেও বহুবার শুনেছি। তবু একটা গান শুনে যেন স্তব্ধ হয়ে গিয়েছিলাম- মেঘা ছায়ে আধি রাত …
গানটার এই প্রথম লাইনটুকু শুনলেই মনে হয় কোন এক রাতের গভীর অন্ধকারে আকাশ আরো কালো হয়ে গিয়েছে মেঘে। শুধু মাত্র এই বর্ণনাটুকুতে সত্যি সত্যি আমি ভীষণরকমের মুগ্ধ হয়ে যাই। এই লাইনটার জন্যই গানটা আমি বহুবার শুনেছি। এরপরের লাইনগুলিও চমৎকার তবু শুধু এই বর্ণনাটুকুই যেন আমাকে বার বার টেনে নিয়ে আসে এর কাছে। আজও এতো বছর পর যখন গানটা শুনি, যেন প্রথমদিনের সেই উত্তেজনাটুকুই ফিরে আসে। এই লাইনটা শুনলে যেন আগের মতোই মুগ্ধতায় জড়িয়ে যাই।
আহ্, বেঁচে থাকুন লতা মঙ্গেশকর, বেঁচে থাকুক এই গভীর রাতের মেঘলা আকাশ… !
আপাতদৃষ্টিতে আপাদমস্তক নিরীহ যুবক, সাত চড়ে রা নেই। পড়াশোনার পাট চুকে গেছে। অধিকবাক, আড্ডাপ্রিয় এবং সর্বোপরি অলস। ভালো সঙ্গীত এবং ভালো চলচ্চিত্রে অরুচি নেই। ব্যক্তিগত জীবনে নির্গুণ এবং প্রায় নিরাকার।
গান টা আসলেই বেশি সুন্দর !
আহ্, বেঁচে থাকুন লতা মঙ্গেশকর, বেঁচে থাকুক এই গভীর রাতের মেঘলা আকাশ… !